‘তৃতীয় শক্তির’ নেতাদের নিয়ে ফের বৈঠকে ড. কামাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৪:৪৬:৫৬ তৃতীয় শক্তির রাজনৈতিক নেতাদের নিয়ে ফের বৈঠকে বসেছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ। সেখানে উপস্থিত জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ বিকল্প একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে আমরা বসেছি।’ এর আগে সোমবার ৫ জানুয়ারি ‘ভোটারবিহীন’ নির্বাচনের এক বছর পালনও করেছে তৃতীয় শক্তির নেতারা। এ উপলক্ষে সব সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্যেও তারা জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মিলিত হয়েছিলেন। এ ছাড়া ৪ জানুয়ারি গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বাসায় তারা দীর্ঘক্ষণ বৈঠকও করেন। ঐ বৈঠকেও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান প্রমুখ। এএইচ
No comments:
Post a Comment