নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রেসক্লাবেই থাকবেন ফখরুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে থাকবেন বলে জানিয়েছেন বিএনপিপন্থি সাংবাদিক নেতারা। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থি সাংবাদিকদের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এ কথা জানান। মির্জা ফখরুলকে প্রেসক্লাবথেকে বের করে দেওয়ার দাবিতে আওয়ামীপন্থি সাংবাদিকদের কনফারেন্স লাউঞ্জে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে বিএনপিপন্থি সাংবাদিকরা এই ঘোষণা দিলেন। এ সময় তিনি মির্জা ফখরুলকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী বলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কড়া সমালোচনা করেন। শওকত মাহমুদ বলেন, মির্জা ফখরুল এখানে রয়েছেন, আমাদের কাছে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাকে সন্ত্রাসী বলে তাদের হাতে তুলে দিতে বলেননি। সরকারি নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের কথা বলা হচ্ছে। আর হানিফদের কথামত সাংবাদিকদের একটি অংশ প্রেসক্লাবে এসে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। মন্তব্য
No comments:
Post a Comment