ফখরুলকে ঘিরে প্রেস ক্লাবে ফের উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৩:০৪:৫০ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তার অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন সাংবাদিকদের একটি অংশ। সাংবাদিক নেতা শাবান মাহমুদ ওই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। তাদের দাবি, সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবে কোন অসাংবাদিক অবস্থান নিতে পারবে না। একইসঙ্গে তারা প্রেস ক্লাবে কোন ধরণের রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি না দিতে কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছেন। গতকাল সোমবার দুপুর থেকে প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তার সঙ্গে আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান। এদিকে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদাক হাছান মাহমুদ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এছাড়াও প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল প্রমুখ আওয়ামী পন্থী সাংবাদিক নেতারা। অন্যদিকে মির্জা ফখরুলকে আটক বা কোন রকমের হয়রানি না করতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আদালতে এর শুনানি চলছে। আবেদনের শুনানির পর মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। একে/এআর
No comments:
Post a Comment