২ টার মধ্যে ফখরুলকে প্রেসক্লাব ত্যাগের আলটিমেটাম স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৩:৪৮:৩৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আজ (মঙ্গলবার) বেলা দুইটার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে প্রেসক্লাব থেকে বের করে দেয়ার আলটিমেটাম দিয়েছেন। আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। ইকবাল সোবহান বলেন, জাতীয় প্রেসক্লাব কোন রাজনৈতিক নেতার অবস্থানের জায়গা নয়। এখানে বসে রাজনৈতিক কর্মকান্ড চালানোর কোন অধিকার কারো নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কর্মীদের নিয়ে গতকাল (সোমবার) থেকে প্রেসক্লাবে অবস্থান করছেন যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মির্জা ফখরুল বলেন, যে কোন দলের নেতা-কর্মীরা প্রেসক্লাবে আসতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন। আর সংবাদ সম্মেলন শেষে তারা আবার চলে যাবেন। কিন্তু এখানে অবস্থান করবেন, খাবেন এবং এখানে বসে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবেন এটা গ্রহণযোগ্য নয়। ইকবাল সোবহান বলেন, যে কোন রাজনৈতিক নেতা প্রেসক্লাবে আসতে পারেন, আমরা তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবো, কিন্তু তার অর্থ এটা নয় যে, কোন বহিরাগত প্রেসক্লাবে অবস্থান করবেন, প্রেসক্লাবের পরিবেশ নষ্ট করবেন। তিনি বলেন, প্রেসক্লাব কোন রাজনৈতিক নেতার আড্ডাখানা বা আশ্রয়স্থল নয়। প্রেসক্লাব চলে তার নির্ধারিত নিয়ম ও আইনের অধীনে। প্রেসক্লাবের কার্যক্রম সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আযাদ ও ডিউজের সাবেক সাধারণ সম্পাদক সাবান মাহমুদসহ সাংবাদিকদের একটি অংশকে অবস্থান করতে দেখা যায়। উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুরের পর থেকেই জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর থেকেই প্রেসক্লাবের আশে পাশে অবস্থান করছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কেবি
No comments:
Post a Comment