নিউইয়র্কে বাংলাদেশি সেই কূটনীতিকের বিরুদ্ধে মামলা চলবে আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নিউইয়র্ক: গৃহকর্মীকে নির্যাতন মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের সাবেক কানসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভা যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ম্যানহাটানের ডিস্ট্রিক জাজ সিডনি স্টেনি মঙ্গলবার এক আদেশে বলেছেন, গৃহকর্মীকে দাসের মত খাটানোরজন্য যে মামলা হয়েছে তা চলবে। মনিরুল দম্পতির গৃহকর্মী মাসুদ পারভেজ রানা গত মার্চে মামলাটি দায়ের করেছিলেন। বিচারক বলেছেন, মনিরুল কূটনৈতিক দায়মুক্তি পাবেন না এই কারণে যে মাসুদের কাজ কনসুলার সংক্রান্ত ছিল না। মামলা দায়েরের পর মনিরুলকে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পাঠানো হয়। ভারতের কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে একই ধরনের একটি মামলায় গ্রেপ্তারের পর নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে চরম টানাপড়েন সৃষ্টির মধ্যে মনিরুলের মামলাটি দায়ের করা হয় যা সে সময় দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মনিরুল কিংবা তার স্ত্রী বক্তব্য পাওয়া যায়নি। মামলায় মাসুদ রানা অভিযোগ করেন যে মাসে তাকে ৩ হাজার ডলার বা (প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা) বেতন দেয়ার কথা বলে নিউইয়র্কে নেয়া হয়। কিন্তু এক বছরের বেশি সময় কাজ করলেও তাকে কোনো টাকা দেয়া হয়নি। এছাড়া তাকে দৈনিক ১৬ থেকে ২০ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। তাকে শারীরিক হুমকি, নির্যাতন এবং একাকী রাখা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক কোর্টে রানা বনাম ইসলামের এই মামলার নম্বর ১৪-০১৯৯৩। সূত্র: রয়টার্স মন্তব্য
No comments:
Post a Comment