তারেকের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আইনের দৃষ্টিতে পলাতক থাকায় দেশের সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার সকালে রিট আবেদনের শুনানিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি। এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। রিটে বিবাদী করা হয়েছে- বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশের গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের। রিটকারী নাসরিন সিদ্দিকী লিনা বলেন, একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার হতে পারে না। যাকে আদালত খুঁজে পাচ্ছে না, তার বক্তব্য প্রচারযোগ্য নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ রিটটি দায়ের করেছি। রিটে পালাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে নির্দেশনা চাওয়া হয়েছে বলেও গতকাল জানান তিনি। মন্তব্য
No comments:
Post a Comment