কার্যালয়েই অবরুদ্ধ খালেদা, বেড়েছে পুলিশ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়েই অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনদিন পর সোমবার রাতে কার্যালয়ের প্রবেশ পথগুলো থেকে বালু ও ইটভর্তি ট্রাক সরানো হয়। কমানো হয় নিরাপত্তা রক্ষী। তবে অবরোধের প্রথম সকালে মঙ্গলবার ফের পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মূল ফটকে পুলিশের তালাও রয়েছে। কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া চতুর্থ দিন পার করছেন। গত শনিবার রাত থেকে তাকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের দুই স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দাদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ব্যাটালিয়ন পুলিশ। আছেন নারী পুলিশও। কার্যালয়ের সামনে দুই দিকে পুলিশের লরি ও একটি জলকামানের গাড়ি রেখে সড়ক আটকে দেওয়া হয়েছে। আগের মতোই কার্যালয়ের কাছে প্রস্তুত রাখা হয়েছে একটি সাজোয়া যান। গত দুইদিন সংবাদকর্মীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারলেও এখন তাদেরও কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার সঙ্গে ওই কার্যালয়ে আটকা পড়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন সাবেক নারী সংসদ সদস্য। কার্যালয়ের দোতলায় খালেদা জিয়া নিজের চেম্বারে আছেন। নেত্রীর জন্য শনিবার রাতেই বাসা থেকে খাট, তোষক ও কম্বল আনা হয়েছে বলে নেতারা জানিয়েছেন। এদিকে, সোমবার পুলিশের ছোড়া পিপার স্প্রেতে সাময়িকভাবে খালেদা জিয়া অসুস্থ হলেও এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। মন্তব্য
No comments:
Post a Comment