সিলেটে ২০ দলের হরতাল চলছে সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ৩০ ডিসেম্বর, ২০১৪ ০৯:২৪:৩৬ আটক বিএনপির মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেট জেলায় ২০ দলীয় জোটের আধাবেলা হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে আটক হন মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। এছাড়া, রোববার আদালতে জামিন নিতে গেলে নগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে আটকাদেশ দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জোটের প্রধান এই দুই নেতাসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সোমবার সকালে নগরীর জজ কোর্ট এলাকায় করা এক সংবাদ সম্মেলনে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেন ২০ দলীয় জোট নেতা ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলদার হোসন সেলিম। ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। এদিকে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, ৠাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়ীযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া, নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেএ
No comments:
Post a Comment