Wednesday, April 22, 2015

প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের ইয়েমেনে সৌদি হামলা:Time News

প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের ইয়েমেনে সৌদি হামলা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ১৭:২২:৪৮ ইয়েমেনে হুথী যোদ্ধাদের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে গত চার সপ্তাহ ধরে চালানো হামলা বন্ধের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই সৌদি নেতৃত্বাধীন জোট নতুন করে আবার বিমান হামলা শুরু করেছে। ইয়েমেনের এডেনের ডেপুটি গভর্নর নায়েফ আল বাকরি বলেন, দক্ষিণের পোর্ট
সিটিতে হুথি এবং তার সহযোগীদের ব্যবহৃত ট্যাংক লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়, খবর আলজাজিরা। দেশটির মধ্যভাগের শহর তায়েজেও বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে, যেখানে হুথি যোদ্ধারা সরকারের অনুগত একটি ব্রিগেডের সদর দপ্তরের নিয়ন্ত্রন নিয়েছিল। শহরটির দক্ষিণের শেষ মাথায় অবচস্থিত ৩৫তম আর্মড ব্রিগেডের ওই সদর দপ্তরটিতে হুথি যোদ্ধাদের পতন হয়েছে বলে সেনাক্যাম্পের ভেতর থেকে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান। এ সময় তুমুল যুদ্ধে বেশ কয়েকজন নিহত এবং আহত হন বলেও জানান ওই সেনা কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, বুধবার এডেন, হুতার রাজধানী লাহজ এবং দক্ষিণের শহর ডালেহতে বিদ্রোহী ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে ব্যাপক  স্থল যুদ্ধ হয়েছে। উল্লেখ্য, গত প্রায় একমাস ধরে “ডিসিসিভ স্টর্ম-Decisive Storm” নামে সৌদি-নেতৃত্বাধীন জোট বোমা হামলা চালায় ইয়েমেনে। গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়া হয় জোটের পক্ষ থেকে। কিন্তু হামলা বন্ধের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় বিমান হামলা শুরু করা হলো। হুথি যোদ্ধাদের প্রতিহত করতে এবং ইয়েমেনের সাধারণ নাগরিককে রক্ষা করতেই এই নতুন হামলা চালানো হচ্ছে বলে দাবি সৌদি আরবের। সৌদি সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি বলেন, ইয়েমেনে সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। এখন দেশটির সাধারণ মানুষকে বাঁচাতে এবং সন্ত্রাসবাদ দমনে “পুনর্জাগরিত আশা-Renewal of Hope” নামে নতুন সামরিক অভিযান শুরু হলো। এদিকে, সামরিক জোটের মুখপাত্র আসিরি অবশ্য হুথি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধের কথা বলেননি। ইয়েমেনে একটি নৌ ঘাটি স্থাপনের জন্যও সামরিক জোটের প্রচেষ্টা অব্যহত থাকবে বলেও জানান তিনি। এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয় দাবি করেছিল, হুথিদের অধীনে থাকা সকল ব্যালেস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। ওই মিসাইল দিয়েই হুথি যোদ্ধারা ইয়েমেনের আকাশে তাদের নিয়ন্ত্রন বজায় রেখেছিলেন। এখন দেশটি সম্পূর্ণরুপে নিরাপদ। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে এক টেলিভিশন বার্তায় ক্ষমতাচ্যুত ইয়েমেনি রাষ্ট্রপতি আবদ রাব্বু মানসুর হাদী সামরিক জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইয়েমেনের জনগণের পক্ষ থেকে আমি আরব ও অন্যান্য শরীক মুসলিম ভাই এবং জোটের অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা ইয়েমেনের ‘বৈধ কর্তৃপক্ষের’ জন্য লড়াই করছেন। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মঙ্গলবারের (২১এপ্রিল ২০১৫) এক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ ২০১৫ থেকে ১৭ এপ্রিল ২০১৫ পর্যন্ত ইয়েমেনে চালানো সৌদি-জোটের আগ্রাসনে ৯৪৪ জন মারা যান এবং আহত হন আরও অন্তত ৩,৪৮৭জন। দেশটির স্বাস্থ্য সেবাখাত ধ্বংসের একেবারে দোড়গোঁড়ায় পৌছে গেছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদনে সতর্ক করা হয়।   প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাত যত বাড়ছে রোগীদের স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ ততই কমে আসছে। এমনকী ৪০ শতাংশ রোগীই বর্তমানে ডাক্তারের পরামর্শ গ্রহণের কোন সুযোগই পাচ্ছেননা। এছাড়া প্রয়োজনীয় ওষুধের দাম গত কয়েক দিনে ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পানি স্বল্পতার কারণে ডায়রিয়াসহ নানা রোগের বিস্তারের দরুন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। কেবি  

No comments:

Post a Comment