বাংলাওয়াশ পাকিস্তান স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ২১:৪৭:৫৯ উদ্বোধনী জুটির সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৫০ রান সংগ্রহ করে টসজয়ী পাকিস্তান। জবাবে ১০ ওভার হাতে থাকতে ৮ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। চলতি সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে। শেষ পর্যন্ত সেই সিরিজ জয়টি আরো রোমাঞ্চকর করল সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করে। এদিন জবাবে ব্যাট করতে নেমে রোমাঞ্চকর ব্যাটিং শুরু করে বাংলাদেশের তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান সংগ্রহ করে তারা। অবশেষে ২৬তম ওভারে জুনায়েদ খানের তৃতীয় বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন তামিম। রিভিউ নিলে দেখা যায় বলটি অফ স্টাম্পে যেত। ফলে আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন ৭৬ বলে ৬৪ রান করা তামিম। ওয়ানডাউনে মাঠে নামা মাহমুদুল্লাহ বেশি সুবিধা করতে পারেননি। ১০ বলে মাত্র ৪ রান করে জুনায়েদ খানের বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন তিনি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি। সৌম্য ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে যেন ছক্কা ঝড় বয়ে দেন। শেষ পর্যন্ত ১১৩ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কায় ১২৭ রান নিয়ে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিমও সমান তালে ব্যাট চালিয়েছেন। কিন্তু এক রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি। কারণ তার শেষ চারে দলের জয় নিশ্চিত হয়ে যায়। ৪৩ বলে ছয়টি চারে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তান। এতে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান। অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)। ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ। হারিস সোহাইলকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন আযহার। গড়ে তোলেন ৯৮ রানের জুটি। এতে দুই উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান। কিন্তু আর মাত্র ৪৭ রান সংগ্রহ করতে হারায় বাকি আট উইকেট। সেঞ্চুরির পর তুফান তোলা ব্যাটিং শুরু করতে দেয়ার আগেই আযহারকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। ৩৯তম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে ১১২ বলে ১০টি চারে ১০১ রান করেন। পরের ওভারে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৫৮ বলে ৫৩ রান করা হারিস সোহাইল। পালাক্রমে আবার সাকিব ও মাশরাফি আঘাত হানেন। সাকিবের হাতে ফিরতি ক্যাচ তুলে দেন রিজওয়ান (৪) আর মাশরাফির বলে ফাওয়াদ আলমের (৪) এক দুর্দান্ত ক্যাচ ধরেন নাসির। ওয়াহাব রিয়াজ (৭) রুবেলের বলে মাশরাফির হাতে ক্যাচ আউট হওয়ার পর সাকিব ও আরাফাত সানি রান আউট করেন উমর গুলকে (০)। ৪৮তম ওভারে রুবেলের তৃতীয় বলে তাসকিনের হাতে ক্যাচ আউট হন ২২ রান করা সাদ নাসিম। আর ৪৯তম ওভারের শেষ বলে জুনায়েদ খানকে বোল্ড করে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন আরাফাত সানি। বাংলাদেশের বোলার সাকিব, মাশরাফি, রুবেল ও আরাফাত সানি দুটি করে উইকেট পান। একটি উইকেট পান প্রথম জুটি ভেঙে দেয়া নাসির। জেডআই
No comments:
Post a Comment