'রেলমন্ত্রীর কার্যালয়ে সাইফুলকে হত্যার পরিকল্পনা' কুমিল্লা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৩ এপ্রিল, ২০১৫ ১৬:০৯:০৭ কুমিল্লায় ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষে নিহত শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর কান্দিরপাড় পুবালী চত্বর এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, আমরা সংগ্রাম করি বিএনপি'র বিরুদ্ধে, আমরা সংগ্রাম করি জামায়াতের বিরুদ্ধে আর রেলমন্ত্রী মুজিবুল হক ও তার অনুসারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যারা ভোটের সময় নৌকায় ভোট দেয়ার সৌভাগ্য হয় না তারাই আজ ষড়যন্ত্রে মেতে উঠেছে। কান্দিরপাড়ের রেলমন্ত্রীর এই কার্যালয় থেকেই নৌকার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র হচ্ছে। এখান থেকেই সাইফুলকে হত্যার পরিকল্পনা হয়েছে। আর পুলিশ এ কার্যালয় পাহারা দিচ্ছে। পুলিশ কোন খুনীদের পাহারা দিতে পারেনা। অবিলম্বে এ কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। তিনি রেলমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার কার্যালয় আমরা গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখি, এই কুমিল্লা থেকে দ্রুত কার্যালয় সরিয়ে নিতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে খুনীদের কেউ গ্রেফতার না হলে আমরা খুনের বদলা খুন রীতি চালু করতে বাধ্য হবো। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। মানববন্ধনে কুমিল্লা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও স্কুল কলেজ থেকে ব্যানারে সাইফুল হত্যাকারিদের আটকের দাবি জানানো হয়। এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে খুনীদের গ্রেফতারে প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়। জেএ
No comments:
Post a Comment