মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না: মায়া স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৫৬:২১ বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটকে উদ্দেশ্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নৈরাজ্য, সন্ত্রাস , নাশকতা ও মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটে ২০ দলের হরতাল-অবরোধের বিরুদ্ধে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাঙ্গালীরা বীরের জাতি। এখানে জোর করে কিছু হয় না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশ নিবেন। জনগণ চাইলে আপনি ক্ষমাতয় যেতে পারবেন কিন্তু মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। তিনি আরও বলেন, দেশের কোথায়ও হরতাল-অবরোধ হচ্ছে না। দেশের প্রতিটি সেক্টর স্বাভাবিক ভাবে চলছে। গাড়ি-ঘোড়া, লঞ্চ-স্টিমারসহ সকল যানবাহন চলাচল করছে। বিরোধী জোটের অনৈতিক হরতাল-অবরোধ এখন আর দেশের মানুষ মানে না। সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় নগর আওয়ামী বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমআর/ইআর
No comments:
Post a Comment