গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে হরতালের ডাক গাইবান্ধা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:২৯:৪২ গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' শিবির নেতা মোস্তফা মঞ্জিল (৩২) নিহতের প্রতিবাদে দু'দিনের হরতালের ডাক দিয়েছে জামায়াত-শিবির। আগামী বুধবার ও বৃহস্পতিবার এ হরতালের ডাক দিয়েছে তারা। মোস্তফা মঞ্জিল গাইবান্ধা সদর থানা শিবিরের সাবেক সভাপতি। মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মঞ্জিল গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিজার মাস্টারের ছেলে। মঙ্গলবার র্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। একইসময় শফিকুর রহমান নামে নাইটগার্ডকে গুলি করে হত্যা ও সদর থানা শিবিরের রুপক নামে এক কর্মীকে গুলি করার পর থানায় আটকে রেখা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াত ও শিবির। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ রাজিব বলেন, রুপক নামে কাউকে আটক করে থানায় আনা হয়েছে কিনা এখনো নিশ্চিত নই। তবে নিহত মোস্তফা মঞ্জিলের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। নিহতের পরিবারের দাবি, মোস্তফা মঞ্জিল বাসা থেকে পলাশবাড়িতে ফুফার বাসায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে র্যাবের একটি দল তাকে আটক করে। গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি হাশেমুজ্জামান সরকার জানান, গোবিন্দগঞ্জে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে র্যাব মঞ্জিলকে আটক করে। এরপর বাসুদেবপুর স্কুল ও কলেজের শ্রেনী কক্ষে আটকে রেখে গুলি করে হত্যা করেছে। এসময় প্রতিষ্ঠানটির নাইটগার্ড শফিকুর রহমান বাধা দিলে তাকেও গুলি করে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। তবে সেই নাইটগার্ডের লাশের অবস্থান সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি। গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাজেদুর রহমান জানান, পুলিশ ও র্যাব জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিচার বহির্ভূতভাবে হত্যা করছে। মঞ্জিলকেও একইভাবে হত্যা করা হয়েছে। এদিকে র্যাবের দাবি, গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মূলহোতা ছিলেন মঞ্জিল। এঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী তিনি। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বলেন, ভোর পাঁচটার দিকে র্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়ির ঘর এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে এসময় মোস্তফা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এএইচ
No comments:
Post a Comment