নিষেধাজ্ঞা ভেঙ্গে আ’লীগের মিছিল সমাবেশ, জানেনা ডিএমপি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১২:৪৪:১১ রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। বিএনপির নাশকতার প্রতিবাদে রাজধানীতে এ কর্মসূচি পালন করছে দলটি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি ঝিগাতলা ঘুরে এসে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্বে দেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা। এতে অংশ নেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিরিন গাফফার, ধানমন্ডি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন তালুকদার, ধানমন্ডি থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রুমি ইসলাম, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ। মিরপুরের কাফরুল, টেকনিক্যাল ও কেন্টনমেন্ট এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, ছাত্রলীগ ও যুবলীগ পৃথক পৃথক তিনটি মিছিল বের করে। মিরপুর-১-এ মিছিলের পাশাপাশি সমাবেশও করেছে মিরপুর থানা ছাত্রলীগ। রাজধানীতে একাধিক মিটিং মিছিল হলেও এর সত্যতা অস্বীকার করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি বলেন, ‘রাজধানীতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের জানা মতে এ নিষেধাজ্ঞা কেউ উপেক্ষা করে নাই। হয়তো বা কেউ কেউ রাস্তার পাশে জমায়েত হয়ে অবস্থান নিয়েছে। কিন্তু সভাসমাবেশ করা হয়েছে এমন খবর পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এমকে
No comments:
Post a Comment