তারেকের বক্তব্য প্রচার না করতে হাইকোর্টে রিট স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৭:২৮:১৪ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। আগামীকাল (বুধবার)বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটের পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করবেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি। রিটে বিবাদী করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশের গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের। রিটকারী নাসরিন সিদ্দিকী লিনা বলেন, একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার হতে পারে না। যাকে আদালত খুঁজে পাচ্ছেন না, তার বক্তব্য প্রচারযোগ্য নয়। তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ রিটটি দায়ের করেছি। রিটে পালাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে নির্দেশনা চাওয়া হয়েছে। উল্লেখ্য, লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। কেবি
No comments:
Post a Comment