Tuesday, January 6, 2015

সরকার গ্রেপ্তার মহোৎসবে মেতেছে: খালেদা জিয়া:RTNN

সরকার গ্রেপ্তার মহোৎসবে মেতেছে: খালেদা জিয়া নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সরকার দেশব্যাপী গ্রেপ্তার অভিযানের মহোৎসবে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন ২০-দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, ‘আমাকে আমার
রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারসহ দেশব্যাপী একই কায়দায় গ্রেপ্তারি অভিযানের মহোৎসবে মেতে উঠেছে।’ তিনি অভিযোগ করেন, ‘কেবল বিরোধী দলের নেতাকর্মীই নয়, বরং সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছে। বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের প্রতি জনগণের ন্যূনতম সমর্থন নেই বলেই তারা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’ দেশের জনগণকে ভোটারবিহীন অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ২০-দলীয় জোটনেত্রী। তিনি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ইতোপূর্বে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দির বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অপর এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা পুরোপুরি জনসমর্থন হারিয়ে বিরোধী দলগুলোকে নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি খেলায় উন্মত্ত হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের পায়ের নীচে আর কিঞ্চিৎ পরিমাণ মাটি অবশিষ্ট নেই বলেই অবৈধভাবে দখলকৃত রাষ্ট্রীয় ক্ষমতা হাতছাড়া হয়ে যাবার ভয়ে ভীত হয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে রাষ্ট্রীয় মিথ্যাচার করা হচ্ছে। রিজভী বলেন, জাতীয় প্রেসক্লাবের মতো একটি সম্মানজনক স্থানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অবস্থান কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকরা যে ন্যাক্কারজনক আচরণ করেছে তা সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে। মন্তব্য      


No comments:

Post a Comment