খালেদার গ্রেফতার নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৮:০৮:১৪ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে বললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন এ ব্যাপারে তাঁদের কোনো সিদ্ধান্ত হয়নি। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যা মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আর বিকেল চারটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কোনো কিছু জানা নেই। তিনি বলেন বিশৃঙ্খলা করলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে খালেদা জিয়ার ব্যাপারে আলাদা করে হত্যা মামলা করার বিষয়ে তাঁদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করে তথ্যমন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় উসকানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন। ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন ইনু। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে কোন আলোচনাই হয়নি বলেও জানান তিনি। কেবি
No comments:
Post a Comment