Thursday, January 8, 2015

অবরোধে ফের মরছে মানুষ, পুড়ছে গাড়ি (ভিডিও):RTNN

অবরোধে ফের মরছে মানুষ, পুড়ছে গাড়ি (ভিডিও) নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠছে দেশ। বিরোধী জোটের ডাকা অবরোধে ছড়িয়ে পড়েছে সহিংসতা। এতে মরছে রাজনৈতিক কর্মীসহ সাধারণ মানুষ। পুড়ছে বহু যানবাহনও। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিন বুধবার সহিংসতায় নিহত হয়েছে অন্তত তিনজন। আহত হয়েছে কয়েকশ’। এছাড়া এদিনও রাজধানী ঢাকাসহ সারাদেশে
অন্তত ১৪টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে বেশ কিছু গাড়ি। অবরোধের দ্বিতীয় দিন সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটেছে নোয়াখালী জেলায়। সেখানে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ২০-দলীয় জোটের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ২০ দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পৌর শহরটি। এ সময় পুলিশের গুলিতে মিজানুর রহমান রুবেল নামে এক যুবদলকর্মী এবং মহিউদ্দিন মহসীন নামে এক শিবিরকর্মী নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৩০ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সকালে অবরোধ সমর্থনে নোয়াখালী জেলা শহরে পুলিশের সঙ্গে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে পথচারীসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া, অবরোধ চলাচালে পিকেটারদের ইটের আঘাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। ইটের আঘাতে অটোরিকশাটি উল্টে গেলে তিনি নিহত হন। এদিকে, অবরোধের দ্বিতীয় দিন তুলনামূলক শান্ত থাকলেও বিকেল গড়াতে রাজধানী ঢাকায় অন্তত আটটি গাড়িতে আগুন দেয়া হয়। রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জেও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ বিকেল থেকে রাজধানীর আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতালের সামনে একটি, শাখারীবাজারে একটি, পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে একটি, মিরপুরে একটি এবং ধানমন্ডিতে একটি বাসে আগুন দেয়া হয়। আর মধ্যবাড্ডায় একটি পিকআপে এবং মিরপুর বাঙলা কলেজ এলাকায় একটি লেগুনা ও একটি অটোরিকশায়ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের চারার গোপ এলাকায় নারায়ণগঞ্জ-চিটাগাংরোড চলাচলকারী বন্ধু পরিবহনের একটি বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। তবে এতে কেউ হতাহত হয়নি। অন্যদিকে, অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে যান চলাচল তুলনামূলক বেড়েছে। রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে সড়ক পথে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। অনেক সড়ক-মহাসড়ক ছিল অবরোধকারীদের দখলে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে-পরে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘিরে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এই নির্বাচনের এক বছর পূর্তির দিন সোমবার দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও বিজিবির গুলিতে বিএনপির চার নেতাকর্মী নিহত হন। মন্তব্য      


No comments:

Post a Comment