বের হওয়ার চেষ্টা করছেন খালেদা, গুলশানে উত্তেজনা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন। সোমবার বিকেল তিনটা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া কার্যালয় থেকে গাড়িতে উঠে বসেন। এখন তার সঙ্গে থাকা মহিলা দল এবং অন্য নেতাকর্মীরা কার্যালয়ের মূল ফটকে পুলিশের লাগানো তালা ভাঙার চেষ্টা করছেন। এর আগে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কার্যালয়ের ভেতর থেকে ফটকের তালা খুলে কর্মসূচিতে খালেদা জিয়াকে যেতে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান। এর আগে গত দুদিন ধরে কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন খালেদা জিয়া। সোমবার দুপুরে তার কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এর মধ্যেই খালেদা জিয়া গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়েছেন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ খান কামাল সোহেল সাংবাদিকদের একথা বলার পরপরই গুলশান কার্যালয়ে গাড়ি প্রস্তুত করা হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও প্রস্তুত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি যে কোনো সময় সমাবেশে যোগ দিতে বের হওয়ার চেষ্টা করবেন। খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর চাউর হলে সেখানে পুলিশসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হয়ে ওঠে। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া খুব ভোরে ঘুম থেকে জেগেছেন এবং বের হওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। বের হয়ে তিনি কোথায় বা কোনো স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে তার প্রেস সচিব মারুফ কামাল সাংবাদিকদের জানিয়েছেন, দেশনেত্রী গুলশান কার্যালয় থেকে বের হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হবে। পথে যেখানে জমায়েত পাবেন, সেখানেই বক্তব্য দিবেন। মন্তব্য
No comments:
Post a Comment