Saturday, January 3, 2015

বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার আরো কঠোর হবে: তোফায়েল:RTNN

বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার আরো কঠোর হবে: তোফায়েল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সরকারের মেয়াদ ৪ বছর বাকী আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে আরো কঠোর অবস্থানে যাবে সরকার। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এক প্রশ্নের
জবাবে তিনি বলেন,  ৫ জানুয়ারি রাজপথে যদি কেউ আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয় তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। তোফায়েল বলেন, তবে আমি আশা করি ৫ তারিখে বিএনপি তেমন কিছু করবে না, করতে পারবে না। নির্বাচন নিয়ে কোনো সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের কোনো ধরণের সম্ভাবনা নেই বলে জানিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে, বিকল্প কিছু ছিল না। সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার তৎকালীন বিরোধী দলকে আহ্বান জানিয়েছিলেন- আসুন আমরা সংলাপ, আলোচনায় বসি। কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিলেন। আমরা বলেছিলাম, শর্ত দিয়ে সংলাপ হয় না । তিনি আরো বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন সংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তারা নির্বাচন ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু পারেনি। নির্বাচন হয়ে গেছে। এখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে জন্য মধ্যবর্তী নির্বাচন করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment