আদালতে হাজিরা দিতে পারছেন না খালেদা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির মামলার শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য্য রয়েছে। তবে গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকায় এই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির হতে পারছেন না বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এছাড়া গত সোমবার হাইকোর্ট চত্বরে পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি হওয়ায় এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সিনিয়র তিন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লা মিয়া আদালতে যাবেন না বলে জানা গেছে। তারা বর্তমানে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, অন্য আইনজীবীরা আজ আদালতে গিয়ে এই মামলার শুনানির জন্য সময়ের আবেদন জানাবেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া বলেছেন, সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। এই অবস্থায় তিনি আদালতে যাবেন কিভাবে? তাছাড়া তিনি গুরুতর অসুস্থও। তিনি বলেন, আমরা যেন মামলা পরিচালনা না করতে পারি, সেজন্য সরকার আমিসহ খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনের নামে মামলা দিয়েছে। তাই আমরাও আদালতে যাচ্ছি না। অন্য আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানাব। রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আজ সাক্ষ্যগ্রহণ দিন ধার্য্য করেছেন। সকাল ১১টায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম সাক্ষী ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment