অবরোধের মুখে দেশ, বিভিন্ন স্থানে সংঘর্ষ-আগুন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ০৯:১৭:৪০ সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন। ২০ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তিনি জানান। এরইমধ্যে দেশের কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধ সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। অগ্নি সংযোগ করা হয়েছে ক্ষমতাসীন দলের রাজনৈতিক কার্যালয়ে। অবরোধের মুখে দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর বড় দু'টি টার্মিনাল গাবতলি ও সায়েদাবাদ থেকে এখন পর্যন্ত কোন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। জানা যায়, রাজধানীর ডেমরার বাঁশেরপুলে মাতুয়াইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কার্যালয়টি আগুন ধরিয়ে দিয়ে সেটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্লবীতে রাস্তা অবরোধ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টায় পল্লবীর ১১ নম্বর বাসস্ট্যান্ডে তারা এ অবোরোধ করে। এসময় তারা রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এছাড়াও রমনা থানা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মগবাজার রেললাইন অবরোধ করে রাখে। অবরোধের এক পর্যায়ে পুলিশ বাঁধা দিলে ধাওয়া পাল্ট ধাওয়া চলে। থানা নায়েবে আমীর ড.হাবিবুর রহমান ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মোশারফ হোসাইন, মাহবুবুর রহমান প্রমুখ। এআর
No comments:
Post a Comment