Tuesday, January 6, 2015

খালেদার অবরুদ্ধের তৃতীয় দিন:Time News

খালেদার অবরুদ্ধের তৃতীয় দিন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ০৯:২৪:০০ তৃতীয় দিনের মতো মঙ্গলবারও গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ রয়েছেন। এখনো কার্যালয়ের মূল গেটের বাইরে পুলিশের দেওয়া তালা ঝুলছে। সোমবার বিকেলে গুলশানের নিজ কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ গেটে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ ছিটিয়ে দেয় পিপারস্প্রে। এতে অসুস্থ হয়ে পড়েন খালেদা। তবে বর্তমানে
তিনি সুস্থ রয়েছেন বলে কার্যালয় সূত্রে জানা গেছে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপাসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. শামীমের নেতৃত্বে ৩ সদস্যের একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ খান কামাল সোহেল বলেন, বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন চেয়ারপার্সন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূতির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি নেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ঢাকার সমাবেশে যোগ দিয়ে নিজে সরকার পতনের এ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন জোট নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঘোষিত কর্মসূচির একদিন আগে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। সেখান থেকে রাতেই বের হয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্যোগ নিলে তাকে যেতে দেয়নি পুলিশ। এরপর থেকেই গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন খালেদা জিয়া। আর তার কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। খালেদা জিয়াকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। অন্যদিকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ঘোষণা দিয়ে আওয়ামী লীগ রাজধানীর ১৬টি স্পটসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় র‌্যালি ও সমাবেশ করার ঘোষণা দেয়। এ অনুযায়ী সোমবার সকাল থেকেই রাজধানীজুড়ে অবস্থান নেন সরকারি দলের নেতাকর্মীরা। পাল্টাপাল্টি এ কর্মসূচির কারণে রাজধানীতে রোববার বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)। এএইচ


No comments:

Post a Comment