পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন শুরু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৩ জানুয়ারি, ২০১৫ ০৯:০৫:১৭ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৬ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ ৩ জানুয়ারি শনিবার থেকে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। আগামীকাল ৪ জানুয়ারি দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মসচিব চৌধুরী মোঃ বাবুল হাসান। মিলাদ ও মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন। প্রখ্যাত শিল্পী মোস্তফা জামান আব্বাসী না’তে রাসূল (সা.) পরিবেশন করবেন। পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামী ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছেলে-মেয়েদের জন্য বিশেষ অনুষ্ঠান, ক্বিরআত ও হামদ-না’ত মাহফিল এবং রাসূল (সা.) এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর প্রভৃতি উল্লেখযোগ্য। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দুই মাসব্যাপী বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় কুরআন-হাদিসসহ বিভিন্ন ইসলামী পুস্তক বিশেষ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। জেএ
No comments:
Post a Comment