Saturday, December 6, 2014

মুরসিকে ফাঁসাতে ‘মিথ্যা’তথ্য:Time News

মুরসিকে ফাঁসাতে ‘মিথ্যা’তথ্য আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ০৬ ডিসেম্বর, ২০১৪ ১০:০৭:২৩ মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে শাস্তির আওতায় আনতে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশের পর ঘটনাটির তদন্ত শুরু করেছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। খবর আলজাজিরার। মুরসিপন্থী একটি টেলিভিশন চ্যানেলে শুক্রবার একটি রেকর্ডিং ফাঁস করা হয়। সেখানে দেখা গেছে,
মুরসির বিচার নিয়ে আলোচনা করতে গিয়ে দেশটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর রক্ষাকারী কর্মকর্তারা মিথ্যা তথ্য উপস্থাপনের বিষয়টি উল্লেখ করেছেন। রেকর্ডিংয়ে দেখা গেছে, মুরসি সরকারের সময়কালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট সিসির আইনি উপদেষ্টা জেনারেল মাহমুদ শাহীন প্রেসিডেন্টের কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলছেন, যদি মুরসির বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা না হয় তাহলে তার বিরুদ্ধে করা মামলা টিকবে না। এ ঘটনার পর দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে দাবি করা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের কর্মীরা ‘অত্যাধুনিক প্রযুক্তি’ব্যবহার করে ওই ‘ভুয়া’ফুটেজ ও ফোনালাপ তৈরি করেছে। কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ফুটেজ প্রকাশের ঘটনায় তদন্ত শুরুর কথাও জানানো হয়েছে। মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় বিচার চলছে। গত বছরের জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মুরসিকে আটক করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুরসির বিরুদ্ধে ২০১২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের হত্যার অভিযোগ রয়েছে। জেএ  


No comments:

Post a Comment