প্লট দুর্নীতি: আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:১১:৩৬ প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ঢাকার সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান। চার্জশিটভুক্ত অপরআসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। তবে এজাহারভুক্ত আসামি সাবেক উপ-পরিচালক (ভূমি) মো. আজহারুল হকের (বর্তমানে সদস্য-ভূমি) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। এর মাধ্যমে সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাৎ করেছেন। ওই অভিযোগে গত বছর ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায়ে ওই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। জেআই
No comments:
Post a Comment