সন্ধ্যায় খালেদার সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাত কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৫৫:৫৪ বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধিদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই সাক্ষাতকারের কথা রয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাক্ষাতকারে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইইউ সংসদীয় উপ-কমিটির সহ-সভাপতি ক্রিস্চিয়ান ড্যান পেরেডার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান। উল্লেখ্য, গতকাল (সোমবার) ঢাকায় এসে পৌছান ইইউ প্রতিনিধি দলটি। বাংলাদেশে তাদের ৫দিন অবস্থান করার কথা রয়েছে। প্রতিনিধি দলটি ক্রসফায়ার বা কথিত বন্দুক যুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতিসহ বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করবে বলেও সূত্র জানায়। এদিকে, গত ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে, ১৬ দিন পরে পুলিশ সব ধরনের ব্যারিকেড তুলে নেয় এবং কার্যালয়ের সামনে অবস্থানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের সরিয়ে নেয়। কিন্তু বেগম খালেদা জিয়া তার এই রাজনৈতিক কার্যালয় থেকে কোথাও যাননি। এদিকে, বাংলাদেশ সফরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সাক্ষাতকারটি আর হচ্ছে না বলে অপর এক সূত্রে জানা গেছে। এছাড়া সংসদের বিরোধীদলের নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও তারা বৈঠক করবেন বলে জানা গেছে। গত দুই দশকে এটাই ইউরোপীয় সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রথম বাংলাদেশ সফর। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। কেবি
No comments:
Post a Comment