এসএসসি পরীক্ষা : রুটিন-রুটিন খেলা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:১৩:৩৪ চলমান অবরোধ তার ওপর হরতাল এরই সাথে 'বন্দুকযুদ্ধ' সব মিলে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে বংলাদেশ। রাজনীতির এই খেলায় বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে ফের হরতালের সময়সীমা বাড়ানোর কারণে বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন থেকেই রুটিন পরিবর্তনের এই খেলা শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালের কারণে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। বুধবারসহ এ পর্যন্ত এসএসসির ৭ দিনের পরীক্ষা পেছানো হলো। অনুষ্ঠিত চারটির পরীক্ষার মধ্যে একটিও পূর্বনির্ধারিত তারিখে হয়নি। গত ০২ ফেব্রুয়ারির (সোমবার) পরীক্ষার তারিখ পরিবর্তন করে ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার), ০৪ ফেব্রুয়ারির (বুধবার) পরীক্ষা ০৭ ফেব্রুয়ারি (শনিবার), ০৮ ফেব্রুয়ারির (রোববার) পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ১৫ ফেব্রুয়ারির (রোববার) পরীক্ষা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। এদিকে ২০ ফেব্রুয়ারির (বুধবার) পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়া ১২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) পরীক্ষা স্থগিত করা হয়। গত ০১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, পরীক্ষার দিন হরতাল থাকলে তা পরিবর্তন করা হবে। পরিবর্তন হচ্ছে এটাও সত্য কিন্তু শিক্ষার্থীরা এটা জানতে পারছে পরীক্ষার আগের দিন সন্ধ্যায় আর স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়েও সংশয়ের শেষ নেই। ১৯৯৬ সালের ৯ মার্চ আওয়ামী লীগসহ তিনটি বিরোধী দল অসহযোগের ডাক দিলে ওই বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ২৮ মার্চ থেকে ১০ দিন পিছিয়ে ৭ এপ্রিল শুরু করা হয়েছিল। ২০১৩ সালে এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল ও সহিংসতায় নয় দিনের পরীক্ষা পিছিয়ে যায়। এবারের অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার প্রতিটিতে সময় পরিবর্তন করে শুক্র ও শনিবারে নেওয়া এবং গত তিন সপ্তাহের টানা হরতালের কথা বিবেচনা করে স্থায়ী রুটিনের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কেএইচ
No comments:
Post a Comment