সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখনই সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই এখনো সেনাবাহিনী নামানোর পরিকল্পনা নেই। আপাতত র্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট বলে মনে করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। যৌথবাহিনীর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী বলতে আপনারা যদি সেনাবাহিনীকে বোঝান তাহলে বলব, সেরকম পরিস্থিতি এখনও হয়নি। কারণ, এখনই সেনাবাহিনী নামানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত র্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট।’ কয়েকদিনের মধ্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন যা চলছে তা আন্দোলন নয়, এটা চোরাগুপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতদূর সম্ভব আমরা রাস্তাঘাটের নিরাপত্তা বিধান করতে সক্ষম হয়েছি।’ প্রতিমন্ত্রী দাবি করেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে ইজতেমার পর আন্দোলনকারীরা আরো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই তারা যাতে সে রকম পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছি।’ আসাদুজ্জামান খান আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সজাগ রয়েছেন। পরিবহন সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষের জানমাল নিরাপদ রাখার জন্য অত্যন্ত আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারা। আপনারা দেখবেন, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি সামনের দিনে জনগণই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র্যাব ও বিজিবি তো রয়েছেই।’ মন্তব্য
No comments:
Post a Comment