গুলশান কার্যালয়ে অবরুদ্ধই আছেন খালেদা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গত শনিবার মধ্যরাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অবরুদ্ধ অবস্থা শুরু হয়েছে, বুধবারও তা অব্যাহত রয়েছে। অবরুদ্ধ গুলশান কার্যালয়ের উন্নয়ন পরিস্থিতি বলতে সেখান থেকে বেরুনোর সবক’টি সড়ক মুখের বালু ও ইটভর্তি ট্রাক সরানো হয়েছে। তবে চতুর্থ দিন বুধবার দুপুরেও গুলশান কার্যালয়ের মূল ফটকে পুলিশের দেওয়া তালা দেখা গেছে। সেখানে সতর্ক রয়েছে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পানি কামান। এই অবরুদ্ধদশার কারণে আজ বুধবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে পারেননি। তার পক্ষে আইনজীবীরা বকশিবাজারের বিশেষ জজ আদালত-৩-এ সময় আবেদন করলে সেটি মঞ্জুর হয়েছে। তবে খালেদার অনুপস্থিতিতেই জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন এই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। গুলশান কার্যালয়ের ভেতরে বিশিষ্টজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ সকালে পকেট গেট দিয়ে খালেদা জিয়ার সকালের নাস্তা আনার দৃশ্য দেখা গেছে। এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক মাহফুজ উল্লাহ অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে গেছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কার্যালয়ে আছেন- দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল কাইয়ুম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামসুল আল আমীন ডিউ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনের কয়েকজন নেত্রী। উল্লেখ্য, ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে গত ৪ জানুয়ারি শনিবার রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বালু, ইট ও পাথরভর্তি ১৩টি ট্রাক শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পশ্চিম ও উত্তর পাশের রাস্তার সামনে আড়াআড়িভাবে রাখা হয়। সোমবার রাতে সেগুলো সরানো হয়। মন্তব্য
No comments:
Post a Comment