Wednesday, January 7, 2015

চার দিন ধরে অবরুদ্ধ খালেদা :Natun Barta

ঢাকা: চতুর্থ দিনেও অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তবে অন্যদিনের তুলনায় পুলিশের সংখ্যা কিছুটা কম। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে বের হয়ে ডান বা বায়ে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। বের হয়ে বা দিকে যাওয়ার রাস্তায় আড়াআড়িভাবে পুলিশের একটি জলকামান রাখা হয়েছে।
আর ডান দিকে যাওয়ার পথে দুটি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা হয়েছে। তবে ৮৬ নম্বর সড়কে ঢোকার মুখে রাখা সাঁজোয়া যান সরিয়ে নেয়া হয়েছে। এদিকে সকালে সাংবাদিক মাহফুজউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন। খালেদা জিয়ার আত্মীয়স্বজনের বাসা থেকে তার জন্য খাবার পাঠানো হয়েছে। ফটকে পরীক্ষার পর খাবার ভেতরে যেতে দেয়া হয়। মঙ্গলবার গুলশানের ৮৬ নম্বর সড়কের ওই কার্যালয়ের মূল ফটকের সামনে এক সারিতে নারী পুলিশ এবং আরেক সারিতে পুরুষ পুলিশকে দিনভর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রধান ফটকের ছোট দরজাটি (পকেট গেট) খুলে দেয়া হয়। সেই পথ দিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা যাতায়াত করছেন। কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ছয়জন নারী নেতা এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত নিরাপত্তাকর্মীসহ ২৫ জন অবস্থান করছেন। এর আগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাবলিগ জামাতের কয়েকজন সদস্য বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান। প্রথমে তাদের ঢুকতে দেয়া না হলেও পরে অনুমতি নিয়ে ভেতরে যান। তারা বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিবের সঙ্গে কথা বলেন। ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার বিষয়টি অবহিত করা হয়। অবশ্য খালেদা জিয়ার সঙ্গে তাদের কোনো কথা হয়নি। নতুন বার্তা/বিইউ/নিমা/জবা  


No comments:

Post a Comment