ক্ষীণ হয়ে আসছে জীবিত পাওয়ার সম্ভাবনা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জাকার্তা: এয়ার এশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান মঙ্গলবার তৃতীয় দিনে গড়াল। গত দুদিনের অনুসন্ধানে বিমানের কোনো হদিস না পাওয়ায় এর আরোহী ১৬২ জনকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা সুরাবায়ায় সাংবাদিকদের বলেন, ‘আমরা বুঝতে পারছি যে আমাদের সবচেয়ে খরাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ সুরাবায় থেকেই রবিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করেছিল কম ব্যয়ের খ্যাতনামা বিমান সংস্থা এয়ার এশিয়ার কিউজেড ৮৫০১ বিমানটি। কালা জানান, জাভা সাগরে বিমান অনুসন্ধানে নিয়োজিত আছে ৩০টি জাহাজ এবং ১৫টি উড়োজাহাজ। সোমবার রাতে অনুসন্ধান কাজ বন্ধ রাখার পর মঙ্গলবার সকালে আবার অনুসন্ধান শুরু হয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্র ও চীনও অংশ নিয়েছে। এদিকে হতভাগ্য যাত্রীদের স্বজনরা বিমানের খবরের আশায় সুরাবায়া ও সিঙ্গাপুর বিমানবন্দরে অবস্থান করছেন। এয়ারবাস ৩২০-২০০ মডেলের বিমানটির ১৬২ আরোহীর মধ্যে ছিলেন ১৫৫ জন যাত্রী, দুজন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু। আরোহীদের মধ্যে ১৫৭ জন ইন্দোনেশীয়, তিনজন দক্ষিণ কোরীয়, একজন মালয়েশীয় এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। মন্তব্য
No comments:
Post a Comment